শেখ হাসিনার জন্মদিনে ভিডিও পোস্ট, ২ ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে ভিডিও পোস্ট করার অপরাধে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। উপজেলার কদম রসূল এলাকা থেকে শুক্রবার (২ অক্টোবর) তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মো. ইজাজুল হক (২৪) ও ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকার মো. শাহ নেওয়াজ রাফি।

পুলিশ জানায়, সম্প্রতি শেখ হাসিনার জন্মদিন পালন করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়। পুলিশের দাবি, ভিডিওতে ১১ জনের একটি দলকে একসঙ্গে জন্মদিন পালন করতে এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর সূত্র ধরে পুলিশ ইজাজুল হক ও শাহ নেওয়াজ রাফিকে শনাক্ত করে আটক করে।

পুলিশের ভাষ্য, তারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, আটক দুই যুবকের নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও পোস্টের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর তাদের আটক করা হয়েছে।

তবে ভিডিওতে থাকা অন্য ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত