মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে গত শুক্রবার ঘটে যাওয়া লিফট দুর্ঘটনার বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত এক আদেশে মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুব আলম এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্লাহ আল মামুনকে।
কমিটির কার্যপরিধিতে লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ ও প্রতিপালন করা হচ্ছিল কি না, তা যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।