কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহতরা হলো- জুনায়েদ (১০) ও হাসিব (৯)।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও নিহত শিশুদের স্বজনরা জানায়, সকালে জুনায়েদ ও হাসিবসহ কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সবার অজান্তে জুনায়েদ ও হাসিব পানিতে তলিয়ে যায়। তাদের পানিতে দেখা না গেলে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনেরা পুকুরের দিকে ছুটে যায়।
পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই শিশুকে উদ্ধার করা হয়। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।
জুনায়েদ রামনগর গ্রামের হালিমের ছেলে। সে গোপালনগর উত্তরপাড়ায় খালার বাড়িতে থেকে পড়াশোনা করত এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। হাসিব গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়ির বাসিন্দা কাউসারের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয় বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পরে দুজনের ইসিজি করা হয়। ইসিজি পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাই।
ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর