দৌলতপুরে জমি বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই রাসেল হাসান (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ইমরান হোসেনের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা আক্তার (৩০) বাদী হয়ে ইমরানকে এজাহারভুক্ত আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ইমরান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহত রাসেল হাসান উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আহাদ আলীর বড় ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তাজপুর গ্রামে পৈত্রিক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইমরান হাসুয়া দিয়ে রাসেলের পায়ে আঘাত করেন। এতে রাসেল গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন। পরে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 

যদিও এজাহারে উল্লেখ করা হাসপাতালের তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান। 

এদিকে, ঘটনার শুরুতে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, রাসেল বাঁশবাগানে বাঁশ কাটতে গিয়ে আঘাত পান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, রবিবার সকালে নিহতের বাড়ি থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত আসামি ইমরানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, গত তিন দিনে দৌলতপুর উপজেলায় পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উল্লেখ্য গত বুধবার (৩০ সেপ্টেম্বর) কামালপুর এলাকার একটি মাঠ থেকে রাজা হোসেন (২৫) নামে এক নিখোঁজ যুবকের খড়চাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) রামকৃষ্ণপুরে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলিতে গোলাম মোস্তফা টেংগুর আলী মন্ডল (৬০) নিহত হন। সর্বশেষ জমি নিয়ে বিরোধের ঘটনায় রাসেল হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত