একাধিক বাধা অতিক্রম করে শেষমেশ মুক্তির অনুমোদন পেল বলিউড তারকা সালমান খানের দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’। শুরুতে ‘ব্যাটেল অব গালওয়ান’ নাম থাকায় পরবর্তীতে আপত্তির কারণে নাম পরিবর্তনেও মিলছিল না সুরাহা। তবে এবার সেই জটিলতা অনেকটাই কাটার পথে। সংশোধিত সংস্করণ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনেমাটিকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।
তবে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য এখনো কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর সেই প্রক্রিয়াও দ্রুত এগোবে। গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির প্রথম সংস্করণে ভারত-চীন সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছিল। তবে ছবির বিষয়বস্তুর কিছু দিক নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করার পর চিত্রনাট্যে বড় ধরনের পরিবর্তন আনতে হয়। ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উন্নত হতে থাকা কূটনৈতিক সম্পর্কে সিনেমাটির কোনো নেতিবাচক প্রভাব পড়ুক, এমনটা চায়নি কর্তৃপক্ষ।
এ কারণে সিনেমা থেকে চীন-সংক্রান্ত বেশ কিছু প্রসঙ্গ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এরপর পরিচালক অপূর্ব লাখিয়া নতুন করে চিত্রনাট্য সাজান। এমনকি সিনেমাটির প্রায় ৪০ শতাংশ দৃশ্য নতুন করে শুট করতে হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। আগের সংস্করণে গালওয়ান সংঘাতই ছিল গল্পের মূল প্রেক্ষাপট। সেই অনুযায়ী শুটিংও শেষ হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কর্তৃপক্ষের আপত্তির পর সিনেমার বেশ কিছু দৃশ্য পরিবর্তন করা হয়।
সংশোধিত সংস্করণে চীন কিংবা গালওয়ান সংঘাতের সরাসরি উল্লেখ রাখা হয়নি বলে জানা গেছে। এর পরিবর্তে কিছু কাল্পনিক দৃশ্য, গান ও রোমান্টিক অংশ যোগ করে সিনেমাটিকে নতুনভাবে সাজানো হয়েছে বলে খবর। অর্থাৎ প্রথমে যে গল্পকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি হয়েছিল, সংশোধিত সংস্করণে তার উপস্থাপনায় এসেছে বড় পরিবর্তন। বলিউডের বিভিন্ন মাধ্যমের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ‘মাতৃভূমি’র নতুন সংস্করণ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সন্তুষ্ট হয়েছেন। এরপর গত সপ্তাহেই সিনেমাটিকে এনওসি দেওয়া হয়। সবকিছু পরিকল্পনামতো এগোলে দিপাবলীর মৌসুমে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তি পেতে পারে। আপাতত ১৩ নভেম্বর মুক্তির তারিখ নিয়ে আলোচনা চলছে বলে খবর। তবে অক্টোবরের মধ্যেই যদি সিনেমাটি চূড়ান্ত ছাড়পত্র পায়, তবেই নভেম্বরের মুক্তির পরিকল্পনা বাস্তবায়ন করবে নির্মাতারা।
মুম্বাইয়ের ফ্ল্যাটটি বিক্রি করে দিলেন সালমান খান
বেকায়দায় সালমান খান
আবারও আইনি জটিলতায় সালমান খান