ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ খুঁজছে ব্যবসায়ীরা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

ফ্রান্সের বাজারকে কেন্দ্র করে ইউরোপে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার বিষয়ে প্যারিসে বাংলাদেশ ও ফ্রান্সের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্যারিসে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স সফররত এফবিসিসিআইয়ের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত এ আলোচনায় তৈরি পোশাক, প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাদ্য ও সেবা খাতসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা অংশ নেন।

এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীরের নেতৃত্বে ২২ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর জাঁনা মার্টিনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ফখরুল আকম সেলিম।

বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রবেশাধিকার আরও সহজ করা। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, যৌথ বিনিয়োগের সুযোগ তৈরি এবং বাংলাদেশি রপ্তানি পণ্যের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তন এবং ইউরোপের পরিবর্তিত বাণিজ্য ও শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের জন্য ইউরোপীয় বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি নতুন পণ্য ও নতুন খাতকে রপ্তানি কার্যক্রমে যুক্ত করার প্রয়োজন রয়েছে।

বৈঠকে ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক অবকাঠামোসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফ্রান্স ও ইউরোপের ব্যবসায়িক নেটওয়ার্কে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পায়।

ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহসভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সরাসরি সমন্বয় বাড়াতে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ।

এফবিসিসিআই প্রতিনিধি দলের প্রধান মো. আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যবসায়িক জোটের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের যোগাযোগ স্থাপনে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন—মাহারুল ইসলাম মিন্টু, খন্দকার রূহুল আমিন, লুবনা ইয়াছমিন শম্পা, ফারহানা আফরোজ পলি, মো. কামরুজ্জামান, তাপস বড়ুয়া রিপন ও খান নূরে আলম সিদ্দিকীসহ এফবিসিসিআই এবং ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, প্যারিসে অনুষ্ঠিত এ আলোচনা দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ আরও বাড়াবে এবং বাংলাদেশি পণ্যের জন্য ফ্রান্স ও ইউরোপের বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

বৈঠক শেষে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের উদ্যোগে আয়োজিত বিশেষ গালা ডিনারে অংশ নেন সফররত অতিথিরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত