ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নেই বন্ধ হয়ে গেল আইরিশ সংবাদ সম্মেলন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

বর্ণবাদের অভিযোগ এবং মাঠের নানা বিতর্কে এমনিতেই উত্তপ্ত ছিল আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যকার এই ফুটবল লড়াই। তার ওপর ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এক ইসরায়েলি সাংবাদিকের সরাসরি প্রশ্নের জেরে মুহূর্তেই চরম উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ, আইরিশ কোচের সামনে প্রশ্নটি আসামাত্রই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়।

গত রবিবার হাঙ্গেরির মাঠে দুই দলের মধ্যকার নেশনস লিগের আগের ম্যাচে আয়ারল্যান্ড ৩-০ গোলে জয় পেলেও ম্যাচটি আলোচনার কেন্দ্রে চলে আসে অন্য কারণে। ওই ম্যাচে ইসরায়েলের জাতীয় সংগীতের সময় আইরিশ ফুটবলারদের মাটির দিকে তাকিয়ে থাকা, প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকা এবং গাজার সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার ঘটনা তীব্র বিতর্কের জন্ম দেয়। শুধু তাই নয়, ম্যাচ শেষে আইরিশ স্ট্রাইকার অ্যাডাম ইডাহকে ইসরায়েলি দর্শকদের বর্ণবাদী গালিগালাজ করার অভিযোগ ওঠে, যা নিয়ে তদন্ত শুরু করে আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

আর এই ইস্যুটাই শনিবার ম্যাচের আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন করে সামনে নিয়ে আসেন এক ইসরায়েলি সাংবাদিক। আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসনের সামনে সরাসরি প্রশ্ন রেখে ওই সাংবাদিক বলেন, ‘আপনার খেলোয়াড়েরা ম্যাচের সময় আমাদের খেলোয়াড়দের 'বানর' বলে ডেকেছে।’ 

এই অভিযোগ উঠামাত্রই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে আয়ারল্যান্ডের প্রেস অফিসার সংবাদ সম্মেলন শেষ ঘোষণা করে বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে, আমরা এখানেই সংবাদ সম্মেলন শেষ করছি।’ 

এ সময় ওই সাংবাদিককে মাইক্রোফোন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং সংবাদ সম্মেলন কক্ষেই প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আপনারা আমার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিতে পারেন না। আপনারা তা করতে পারেন না! খেলোয়াড়েরা এ বিষয়ে মিথ্যে বলছে না। এটি কোনো মিথ্যা নয়। এ কথাই তারা বলছে। এটি একটি সংবাদ সম্মেলন। আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং আমরা প্রশ্ন করতে পারি।’

সাংবাদিকের এই অনড় অবস্থানের পর আর কোনো জবাব না দিয়ে অসন্তুষ্ট ও থমথমে পরিবেশে দ্রুত শেষ করা হয় সংবাদ সম্মেলন।

সর্বশেষ সর্বাধিক পঠিত