পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: গণপূর্ত মন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি।

তিনি বলেন, “ সীমিত আয়ের মানুষের জন্য এক লক্ষ ফ্লাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা। এ লক্ষ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, জেলা ও গুরুত্বপূর্ণ নগর এলাকায় মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের আজ বিকেলে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির পূর্বে একথা বলেন। র‍্যালিটি জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। 

র‍্যালিতে উপস্থিত ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর; সচিব মোঃ ওবায়দুর রহমান; রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম; প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরীসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার  কর্মকর্তাবৃন্দ; রিহ্যাব ও বিআইপি বিভিন্ন সংস্থার
প্রতিনিধিবৃন্দ।

মন্ত্রী বলেন,“নগরায়ণ যেন অপরিকল্পিতভাবে না হয়, সেজন্য মাস্টারপ্ল্যানের আওতায় আবাসন, সড়ক, যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো গড়ে তুলতে হবে। সারা দেশে পরিকল্পিতভাবে নগরায়ণ ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

তিনি বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার ও মেলায় সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত