চট্টগ্রামের ভূ-প্রকৃতি অন্য যেকোনো শহরের চেয়ে ভিন্ন। পাহাড়, পাহাড়ি উপত্যকা, সমভূমি ও নদী অববাহিকা নিয়ে গড়ে ওঠা এই নগর। তাই এখানকার উন্নয়ন পরিকল্পনা দেশের অন্যান্য শহরের মতো সমতল ভূ-প্রকৃতির কথা বিবেচনা করলে হবে না। ভূ-প্রকৃতির অবস্থানভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়ন হওয়া প্রয়োজন।
চট্টগ্রাম শহরের পাহাড়গুলোতে একসময় ভবন নির্মাণ হতো না। কিন্তু প্রকৌশলগত পারদর্শিতায় আমরা এখন পাহাড়েও স্থাপনা নির্মাণ করতে পারি। এই নগরের যেসব পাহাড়ে স্থাপনা নির্মাণ করা গেছে সেই পাহাড়গুলোই কিন্তু টিকে আছে। বাংলাদেশ রেলওয়ের পাহাড়গুলোর চূড়ায় বাংলো ছিল বলে এখনো নগরের মধ্যে যেসব পাহাড় রয়েছে সবগুলোই রেলওয়ের মালিকানাধীন পাহাড়। ব্যক্তি ও বেসরকারি মালিকানাধীন পাহাড়গুলো কিন্তু হারিয়ে গেছে। তাই পাহাড়ে টেকসই ভবন নির্মাণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যে পাহাড়গুলো কিংবা জলাশয়গুলো সংরক্ষণ করা প্রয়োজন, সেগুলোকে সংরক্ষিত জোন হিসেবে রেখে দিতে হবে। অর্থাৎ ভূ-প্রকৃতির অবস্থা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করতে হবে।
প্রকৌশলী আনোয়ার হোসেন
পরিচালক, এপিক প্রপার্টিজ