'ঢাকা পেপার্সে' উগ্রপন্থীদের হামলা ও হত্যার হুমকি

'সংবাদ প্রকাশের কারণে মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করতে এভাবে প্রকাশ্যে ও গোপনে প্রাণনাশের হুমকি দেওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়।' 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ এএম

ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ঢাকা পেপার্স’-এ প্রকাশিত বিভিন্ন গবেষণাধর্মী ও তথ্যভিত্তিক কনটেন্টকে কেন্দ্র করে একের পর এক হামলা ও  প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন কল এবং ইনবক্সে ধারাবাহিকভাবে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রতিষ্ঠানে হামলা এবং এর সাংবাদিক ও কর্মীদের হত্যার হুমকি দিচ্ছে উগ্রপন্থী গোষ্ঠী। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশান থানায় ইতোমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং নতুন করে আরও আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার সূত্রপাত ঘটে বুধবার (৩০ সেপ্টেম্বর)। ওই দিন ঢাকা পেপার্সের অফিসিয়াল ফেসবুক পেজে দুটি ভিন্ন বিষয়ে 'এক্সপ্লেনার' বা ব্যাখ্যাধর্মী ভিডিও এবং লেখা প্রকাশিত হয়। কনটেন্ট দুটির একটির শিরোনাম ছিল—‘ওসামা বিন লাদেন এখন হালাল আর শেখ মুজিব নিষিদ্ধ’ এবং অন্যটির শিরোনাম ছিল—‘মাদ্রাসার প্রধান থেকে জালালুদ্দিন রুমির ভবঘুরে সুফি সাধক হয়ে ওঠার গল্প’।

কনটেন্টগুলো প্রকাশের পরপরই ‘মো. বাবু খান’ নামের একটি ফেসবুক আইডি থেকে কমেন্ট বক্সে একই ভাষায় অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকিদাতা সেখানে সংবাদকর্মীদের ভারতীয় দালাল হিসেবে আখ্যায়িত করে দ্রুতই তাদের ওপর মারাত্মক আক্রমণ চালানোর ইঙ্গিত দেয়।

এই ঘটনার জের ধরে শুক্রবার (২ অক্টোবর) ঢাকা পেপার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। 

তবে জিডি করার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও নতুন করে হুমকির ঘটনা ঘটে। একই দিন প্রতিষ্ঠানের জুনিয়র প্রডিউসার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাজেকুজ জামান জুয়েলের ফেসবুক মেসেঞ্জারে ‘আইয়্যুব আহমাদ’ নামের একটি আইডি থেকে ভয়েস মেসেজ পাঠানো হয়। ‘উগ্রবাদ কেন তৈরি হয়, কীভাবে তৈরি হয় আর তারা আসলে কী চায়’ শীর্ষক অপর একটি এক্সপ্লেনারের জেরে মেসেঞ্জারে এই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সরাসরি খুনের হুমকি দেওয়া হয়। জুয়েল ও ঢাকা পেপার্স কর্তৃপক্ষ যৌথভাবে এই বিষয়েও শিগগিরই কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।

ঢাকা পেপার্সের সম্পাদক আরিফুজ্জামান তুহিন জানান, এর আগেও বেশ কিছু দিন ধরে অফিসের ল্যান্ডফোনে ফোন করে ক্রমাগত বিশ্রী ভাষায় গালাগালি ও হুমকি দেওয়া হচ্ছিল। শুরুতে বিষয়টি হালকাভাবে নেওয়া হলেও নিরাপত্তার স্বার্থে পরবর্তীতে ওয়েবসাইট ও ফেসবুক থেকে টেলিফোন নম্বরটি সরিয়ে ফেলা হয়। 

তিনি বলেন, 'তবে সম্প্রতি উগ্রপন্থী কয়েকটি গোষ্ঠী স্রেফ বিদ্বেষমূলক বক্তব্য বা "হেইট স্পিচ" ছড়িয়েই ক্ষান্ত হয়নি, বরং ঢাকা পেপার্সকে লক্ষ্য করে সরাসরি আক্রমণের উসকানি দিচ্ছে। সম্পাদক আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত চালিয়ে এসব চিহ্নিত হুমকিদাতাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।' 

পত্রিকাটির সাংবাদিক ও কর্তৃপক্ষের ওপর এমন ধারাবাহিক প্রাণনাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস সাকিব। তিনি বলেন, 'অল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ, তথ্যবহুল ও সাহসী সাংবাদিকতা দিয়ে ঢাকা পেপার্স সুধীজনের নজর কেড়েছে। কিন্তু সংবাদ প্রকাশের কারণে মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করতে এভাবে প্রকাশ্যে ও গোপনে প্রাণনাশের হুমকি দেওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়।'  

একে হালকা করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি সংবাদকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এদিকে, বিশ্বখ্যাত সুফি সাধক মাওলানা রুমি এবং সংবেদনশীল সামাজিক ইস্যু নিয়ে সংবাদ প্রকাশের কারণে ঢাকা পেপার্স ও এর সাংবাদিকদের নতুন করে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। 

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। সাইফিয়া দরবার শরীফ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, নারী অঙ্গনসহ একাধিক সংগঠন পৃথক বিবৃতিতে স্বাধীন সাংবাদিকতার ওপর এই হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত