সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

পেশাগত দায়িত্ব পালনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে রাবি প্রেসক্লাবের সভাপতি ও একই বিভাগের শিক্ষার্থী আশিকুল রহমান ধ্রুব বলেন, ‘এর আগেও আগেও কৃষ্ণ রায়ের ওপর ছাত্রলীগের হামলা, মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম। গতকালও আমরা একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছি। হামলার আগে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করলেও তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।’

তিনি বলেন, ‘হামলার পর সিসিটিভি ও ভিডিও ফুটেজ নিয়ে প্রায় দেড় ঘণ্টা হলের প্রক্টরের কাছে অবস্থান করেও কার্যকর পদক্ষেপ দেখিনি। আমাদের দাবি, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় তারা আবারও শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করতে পারে।’ 

এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন বলেন, ‘জুলাইয়ের পর ক্যাম্পাসে এমন ঘটনার মুখোমুখি হতে হবে, তা আমরা আশা করিনি। সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত যথাযথ প্রক্রিয়ায় শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় সাংবাদিকরা জনগণের চোখ ও কান হিসেবে কাজ করেছেন। নতুন বাংলাদেশে সাংবাদিকদের নিরাপদে ও স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকতার পথ রুদ্ধ হলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু ছালেহ শোয়েবের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন বকুল। 

রবিবার (৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার দ্য ডেইলি স্টার, সমকাল ও আজকের পত্রিকার প্রতিনিধিসহ ১০ সাংবাদিক আহত হয়েছে। এঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা ও তদন্ত কমিটি না হওয়ায় ক্ষুব্দ বিশ্ববিদ্যালয় সাংবাদিক ও শিক্ষার্থীরা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত