আফগান টেস্টের প্রস্তুতি কেমন হলো বাংলাদেশের

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে দুবাইয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন লাল-সবুজের প্রতিনিধিরারা৷ আজ দ্বিতীয় ও শেষ দিনে বোলিংয়ের পর ব্যাট হাতে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে সফরকারীরা। 

আইসিসির একাডেমি মাঠে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৪ রানে অলআউট হওয়ার পর আমিরাত থামে ২২২ রানে। ১ উইকেটে ৩৪ রানে ব্যাট করতে নামা দলটিতে সুবিধা করতে দেননি সফরকারী বোলাররা। টেস্ট দলে সুযোগ না পাওয়া ডানহাতি পেসার ইকবাল হোযেন ইমন একাই ৪ উইকেট নেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নেন ৩ উইকেট। আমিরাতের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন মোহাম্মদ ওয়াসিম। ৫৬ রান আসে আহমেস আফতাবের ব্যাট থেকে।

১২ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ দল। ২৬ ওভার ৫ বল খেলে ৩ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মুশফিক। তিন নম্বরে নেমে ৫৩ বল মোকাবিলা করে একটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৪৪ রান করেন তিনি। তার আগে ওপেনার সাদমান ২৮ বলে চারটি চারের সাহায্যে করেন ৩২ রান। মুমিনুল হক করেন ২৪ রান। জাকের আলী ১১ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ৫৭, সাদমান ৪৬, নাঈম হাসান ৩৬ এবং মুমিনুল ৩৩ রান করেন।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত