পদক হারিয়ে সাংবাদিকদের সঙ্গে কেন উত্তপ্ত লিটন?

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম

এশিয়ান গেমসে পদকের আশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার কাছে হেরে সেই আশা শেষ হয়েছে। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে এসে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশের দলের অধিনায়ক লিটন দাসকে। নিজের পারফরম্যান্স, দলের ব্যর্থতা ও অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের পাশাপাশি ক্রিকেটারদের টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে হোটেলের বাইরে যাওয়ার বিষয়েও ব্যাখ্যা দিতে হয়েছে তাকে। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন লিটন।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিটন সরাসরি স্বীকার করেন, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারেনি। এনিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হারের ব্যাখ্যা আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রথম ৮ ওভার খুবই ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন যে একটা ব্যাটসম্যান এসে যেরকম শট খেলেছে এই উইকেটে, খুবই কঠিন। কিন্তু সে অসাধারণ ব্যাটিং করেছে, যেখানে আমাদের বোলাররা কোনো ধারণা পায় নাই যে এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে। তাই কৃতিত্ব তো তাকে দিতেই হয় যে অসাধারণ ইনিংস খেলেছে ব্যাটিংয়ে। আর ব্যাটিংয়ে আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, আমরা কোনোভাবেই ওটা পুষিয়ে নিতে পারিনি। ব্যাটিংয়ের দিক থেকে আমরা আজকে মান অনুযায়ী ছিলাম না।’

এশিয়ান লক্ষ্য পূরণ না হওয়ায় হতাশা লিটন, ‘খুবই খারাপ। এখানে এসেছি লক্ষ্য ছিল অনেক বড়। সেটা যখন হয় নাই, তারপর আরেকটা সুযোগ ছিল। সুযোগটা আমরা মিস করেছি। এখন সুযোগ ছিল, কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলতে পারি নাই। এ কারণেই সুযোগগুলো মিস হয়েছে।’

দলের পাশাপাশি নিজেও ব্যর্থ লিটন। সেমিফাইনালের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রানের দেখা পাননি। দুই ইনিংসে করেন মাত্র ২ রান। সঙ্গে তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন ওঠে। নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মেজাজ হারান লিটন বলেন, ‘না, পদত্যাগ করতে চাই না। ক্রিকেটে উত্থান-পতন থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে পদত্যাগের তো কিছু নেই।’ এরপর একই প্রসঙ্গে আবার প্রশ্ন করা হলে বিরক্ত হয়ে বলেন, ‘পদত্যাগ করে দিব? আচ্ছা, এশিয়ান গেমস থেকে পদত্যাগ করলাম। পরের প্রশ্ন, দয়া করে।’

এদিকে এশিয়ান গেমস চলাকালে কয়েকজন ক্রিকেটার টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে হোটেলের বাইরে গিয়েছিলেন বলে যে আলোচনা তৈরি হয়েছে, সংবাদ সম্মেলনে সে বিষয়েও প্রশ্নের মুখে পড়তে হয় লিটনকে। ক্রিকেটারদের বাইরে যাওয়ার বিষয়টি তিনি অস্বীকার না করে এর কারণ ব্যাখ্যা করেন।

লিটন বলেন, ‘ক্রিকেট খেলতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়। আপনারা জানবেন না, কারণ আপনারা ওইভাবে ক্রিকেট খেলেননি কোনোদিন। অনুশীলনের প্রয়োজন হয়। সেখানে কি সুযোগ-সুবিধা আছে? নাই। তো একটা খেলোয়াড় কি রুমের ভেতর সারাদিন বন্দি হয়ে থাকবে?’ সঙ্গে যোগ করেন, ‘একটা খেলোয়াড়ের যখন খাওয়া-দাওয়া দিয়ে তাদের প্রয়োজন মিটছে না, তারা কি বাইরের খাবার খাবে না? তাদের তো শক্তিটা লাগবে। আপনার যদি মনে হয় যে খাবারটা এখান থেকে ফেডারেশন থেকে দিতেছে বা এশিয়ান গেমস থেকে দিতেছে, যে খাবারটা আমাদের জন্য উপযোগী হচ্ছে না, তো একটা খেলোয়াড় কি খাবে না? খাবে তো না? তো খেতে গেলে তো বাইরে যেতে হবে। তাই করেছে খেলোয়াড়রা।’

শুধু খাবারের বিষয় নয়, পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকায় দলের প্রস্তুতিতেও সমস্যা হয়েছে বলে দাবি করেন তিনি, ‘এখন যদি বলেন যে না, ক্রিকেট খেলব রোদের ভেতর খেলা, কিন্তু সারাদিন এসি রুমে ঘুমাব, সেটা তো মেনে নেবেন না আপনারা। আমাদের কাছে যদি অনুশীলন করার সুযোগ থাকত, আমরা হয়তো আপনাদেরকে মাঠেই দেখতে পারতেন যে আমরা অনুশীলন করে বেড়াচ্ছি। কিন্তু সুযোগ নেই তো। এই যা।’

সর্বশেষ সর্বাধিক পঠিত