জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুননেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের পিপি মোকাররম হোসেন বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মো. তাজুল ইসলামকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ১৫ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তার স্ত্রী খাইরুননেছা বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং দুদক আইনের দুটি ধারায় ১৬ লাখ ৬৯ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তাদের বিরুদ্ধে ১২ লাখ ৯৭ হাজার ৭৯ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগও আনা হয়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২৫ সালের ১ জুলাই বিভাগীয় বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।