বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার অগ্রদূত ও দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের পরিচালক ফজলুল হকের স্মরণে প্রতি বছর প্রদান করা হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬’। এ বছর চলচ্চিত্র পরিচালনায় নির্মাতা মেজবাউর রহমান সুমন এবং চলচ্চিত্র সাংবাদিকতায় জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদা চৌধুরী এ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।
প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন কর্তৃক প্রবর্তিত এই পুরস্কার ২০০৪ সাল থেকে প্রতি বছর ফজলুল হক স্মৃতি কমিটির পরিচালনায় প্রদান করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই স্টুডিওতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে তাদের হাতে অর্থমূল্য, সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।
টিভি ফিকশন ও বিজ্ঞাপন বানিয়ে নজরকাড়া মেজবাউর রহমান সুমন প্রথম সিনেমা ‘হাওয়া’ দিয়েই বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রইদ’ দেশ-বিদেশে পুরস্কার অর্জন করে।
অন্যদিকে, ১৯৭৮ সালে ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় আত্মপ্রকাশ করেন মাহমুদা চৌধুরী। পরবর্তী সময়ে ‘বিচিত্রা’ ও ‘দৈনিক দিনকাল’-এ দীর্ঘ দেড় দশক কাজ করেছেন তিনি। এছাড়া ‘নারী : অর্ধেক পৃথিবী’ নামের দুটি গ্রন্থ রচনাও করেন তিনি।