পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন

দেশে এসে ভারতের বিরুদ্ধে কর্মকান্ড হতে দেবে না সরকার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ এএম

প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, বাংলাদেশ সরকার সেগুলো সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে ইতিবাচকভাবে সমাধান করতে চায়। তবে ভারতেরও নতুন নির্বাচিত সরকারের চ্যালেঞ্জ বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গতকাল সোমবার ঢাকায় এ কথা বলেন।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ সম্মেলনের সমাপনী দিনে বক্তব্য শেষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রধান চ্যালেঞ্জ খুব বেশি চাওয়া নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভারতে পালিয়ে যাওয়া একজন ব্যক্তি সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ভারত থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাধা তৈরি করছে। এ ধরনের কর্মকান্ডবন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। ভারতে অবস্থানরত অন্যান্য ‘অপরাধীদের’ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার বিষয়টিও তিনি তুলে ধরেন।

হুমায়ুন কবির বলেন, এক দেশের ভূখন্ড ব্যবহার করে অন্য দেশের সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মকান্ড চালানো হলে তা দুই দেশের সম্পর্কের জন্য বাধা তৈরি করে। ভারত থেকে কেউ বাংলাদেশে এসে ভারতীয় সরকারের বিরুদ্ধে একই ধরনের কর্মকান্ড চালানোর চেষ্টা করলে বাংলাদেশ তা হতে দেবে না। একইভাবে ভারতও এমন কর্মকা- হতে দেবে না, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ সংযম দেখাচ্ছে এবং ভারত সরকারের কাছ থেকেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করছে।

প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক থাকা দরকার, সেটি প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ ইতিমধ্যে এ বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে, যেগুলো ইতিবাচক।

আগামী ডিসেম্বরে ভারতের সঙ্গে বর্তমান গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে সাংবাদিকরা জানতে চান, চুক্তিটি নবায়ন করা হবে, নাকি নতুন কোনো চুক্তি করা হবে। জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ-ভারত সংলাপের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে উচ্চপর্যায়ের সংলাপ কোনো সফর অনুষ্ঠিত হওয়ার ওপর নির্ভর করবে। এর আগে সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ ধরনের কোনো সফর হলে তার তথ্য বাংলাদেশ  থেকেই আসা উচিত; অন্য কোথাও থেকে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে নয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত