‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ এই বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্যটি করেছেন হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইন।
সম্প্রতি একটি মামলার তদন্তে গিয়ে প্রকাশ্য জনসম্মুখে ঘুষ নেওয়ার পক্ষে সাফাই গেয়ে তার দেওয়া এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখিই তো কিছু বটে! আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মুকাররমের ইমাম সাহেব হবো? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
এ বিষয়ে জানতে এএসআই ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না।’
স্থানীয়দের অভিযোগ, চুনারুঘাট থানার ওসি তার এলাকার ‘বড় ভাই’ এমন দাবি করে নিজের আধিপত্য খাটিয়ে আসছেন এএসআই ইলিয়াস।
ভিডিওর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাফিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি, এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।’