যুক্তরাষ্ট্রে কাউন্সিলম‍্যান হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাবেদ ইকবাল খান

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম

যুক্তরাষ্ট্র অংগ রাজ্যের প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম‍্যান হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাবেদ ইকবাল খান। সম্প্রতি প্রসপেক্ট পার্ক সিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

প্রসপেক্ট পার্ক সিটির মেয়র মোহাম্মদ খায়ের উল্লাহ কাউন্সিলম‍্যান জাবেদ ইকবাল খানকে শপথবাক্য পাঠ করান। এ সময় নিউজার্সির মূলধারার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং জাবেদ খানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাবেদ ইকবাল খানের জন্ম ও শৈশবের শিকড় সিলেট নগরীর ঐতিহ্যবাহী দরগামহল্লার রাজারগলিতে। তিনি হযরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম মরহুম আইউব খানের ছেলে। সিলেট এম সি কলেজে লেখাপড়ার পর পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন।

রাজনীতিতে সক্রিয়তার ধারাবাহিকতায় ২০০৬ সালে জাবেদ ইকবাল খান যুক্তরাষ্ট্রের প‍্যাসাইক কাউন্টির ডেমোক্রেটিক পার্টির কাউন্টি কমিটির সদস্য নির্বাচিত হন। এরপর তিনি দলটির প্ল্যানিং বোর্ডের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পাশাপাশি বোর্ড অব এডুকেশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম‍্যান নির্বাচিত হয়ে এবার নতুন দায়িত্ব গ্রহণ করলেন তিনি। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূত আরেকজনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার বিষয়টি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

জাবেদ ইকবাল খানের শপথ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তার নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে তার পরিবার ও স্বজনদের মধ্যেও এ অর্জনকে ঘিরে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।

সিলেটের রাজারগলি থেকে যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতির গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে আসা জাবেদ ইকবাল খানের এ অর্জন প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত