চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন ক্যাম্পাস পেরিয়ে শহরে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের ১৫তম দিনে শহরে কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। আন্দোলন শুরু হওয়ার পর ক্যাম্পাসের বাহিরে শিক্ষার্থীদের এটাই প্রথম কর্মসূচি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। অন্যদিকে সকাল থেকে অন্যান্য দিনের মতো বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক শাটডাউন কর্মসূচি শুরু হয়। বেলা ১১ টা থেকে কর্মবিরতি পালন করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। 

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব দেশ রূপান্তরকে বলেন, আমাদের শাটডাউন কর্মসূচি চলছে৷ প্রথমবারের মতো আজ বিকেলে আমরা ক্যাম্পাসের বাহিরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করব। আমাদের দাবি আদায় অর্থাৎ সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

চলতি বছরের ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২১ সেপ্টেম্বর রাতে তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই ক্যাম্পাসে অসন্তোষের দাবানল ছড়িয়ে পড়ে। রাতেই বিক্ষোভ মিছিল করেন কয়েকশ শিক্ষার্থীরা। 

পরদিন ২২ সেপ্টেম্বর সকালে উপাচার্যের পদ থেকে অধ্যাপক আবু সায়েমকে অপসারণের প্রতিবাদে এবং তাকে পুনর্বহালের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। টানা ১৫ দিন ধরে চলা এই আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরণের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়ে। শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও আন্দোলনে যোগ দেন। তারাও সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত