মুন্সীগঞ্জে দোকানঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিজের পরিত্যক্ত দোকানঘর থেকে নারায়ণ চন্দ্র মণ্ডল (৪৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে নিজস্ব টিনের দোকানঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নারায়ণ চন্দ্র ওই গ্রামের প্রয়াত অমরচান মণ্ডলের ছেলে।

নিহত যুবক ওই গ্রামের স্বর্গীয় অমরচান মণ্ডলের ছেলে।  

পুলিশ ও স্বজনদের ধারণা, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যেকোনো সময় দোকানঘরের কাঠের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

স্বজনরা জানান, মানসিক অসুস্থতার কারণে নারায়ণ চন্দ্র এর আগে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এছাড়া আরও দুইবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

মঙ্গলবার সকালে তাকে বাড়িতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিত্যক্ত দোকানঘরের দরজা খুলে কাঠের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত