মানিকগঞ্জে জোড়া হত্যা মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও ছেলে হত্যা মামলায় সোলায়মান হোসেন নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান।

দণ্ডপ্রাপ্ত সোলায়মান হোসেন সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের আব্দুর রহমানের ছেলে। নিহত পারভিন আক্তার সম্পর্কে তার ভাবি।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ ফ ম নূরতাজ আলম বাহার।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৮ জানুয়ারি রাত সাড়ে ৮টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যে সাটুরিয়া উপজেলার সাফুল্লী গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলায় ধারাল অস্ত্র দিয়ে পারভিন আক্তার ও তার ছয় বছরের ছেলে আব্দুল নূরকে হত্যা করা হয়। এ ঘটনায় ৯ জানুয়ারি নিহত পারভিন আক্তারের মা মজিরন বেগম অজ্ঞাতনামা আসামি করে সাটুরিয়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ পরিদর্শক আবুল কালাম ২০২০ সালের ১৪ মে সোলায়মান হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৪ ধারায় সোলায়মান হোসেনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন মাহাবুবুল ইসলাম।

সর্বশেষ সর্বাধিক পঠিত