এআই দিয়ে শনাক্ত হবে করদাতা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ এএম

রাজস্ব ফাঁকি ও করযোগ্য ব্যক্তি প্রতিষ্ঠান শনাক্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক হিসাব, ভূমি ও ফ্ল্যাট, সড়ক পরিবহন, সঞ্চয়পত্র এবং বিদেশ ভ্রমণের তথ্য এনবিআরের তথ্যভা-ারের সঙ্গে যুক্ত করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডাটাবেজের সঙ্গে করদাতাদের আয়কর নথি মিলিয়ে দেখার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এআইয়ের মাধ্যমে বিলাসবহুল ও দামি গাড়ির মালিকরা নিয়মিত আয়কর রিটার্ন দিচ্ছেন কি না এবং তাদের প্রদর্শিত আয় ও সম্পদের সঙ্গে গাড়ির ক্রয়মূল্য সংগতিপূর্ণ কি না, তা যাচাই করা হবে। গত ৪ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিভিন্ন সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য সমন্বয় করে এআইয়ের মাধ্যমে সম্ভাব্য করদাতা শনাক্ত করা হবে। একই সঙ্গে একজন ব্যক্তির আয়কর রিটার্নে দেওয়া তথ্যের সঙ্গে তার ব্যাংক হিসাব, জমি-ফ্ল্যাট, গাড়ি, সঞ্চয়পত্র ও বিদেশ ভ্রমণের তথ্য মিলিয়ে দেখা সম্ভব হবে। এতে আয় গোপন করা কিংবা প্রকৃত সম্পদের চেয়ে কম সম্পদ দেখানোর প্রবণতা শনাক্ত করা সহজ হবে।

বিলাসবহুল গাড়ির মালিকদের বিষয়ে এনবিআরের উদ্যোগের অংশ হিসেবে বিআরটিএর ডাটাবেজের সঙ্গে করদাতাদের আয়কর নথি সমন্বয় করে যাচাই করা হবে। কোনো ব্যক্তির নামে দামি গাড়ি থাকলেও তিনি আয়কর রিটার্ন দাখিল করছেন না, অথবা রিটার্নে প্রদর্শিত আয় ও সম্পদের সঙ্গে গাড়ির মূল্য অসঙ্গতিপূর্ণ হলে বিষয়টি কর কর্মকর্তাদের নজরে আসবে। বৈঠকে রাজস্ব আহরণ, কর-জিডিপি অনুপাত, করের আওতা সম্প্রসারণ, এনবিআরের সাংগঠনিক সক্ষমতা, শুল্ক ও ভ্যাট ব্যবস্থাপনা এবং কর ফাঁকি রোধে তথ্যভিত্তিক ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত