বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা করতে চায় টয়োটা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ এএম

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে জাপানের বিখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান টয়োটা তুশো করপোরেশন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানায় প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল।

টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। বৈঠকে তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা এবং গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের রূপরেখা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

টয়োটার পক্ষ থেকে জানানো হয়, ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ এই উন্নয়ন দর্শনকে সামনে রেখে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে কারখানাটি পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে। এর মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

টয়োটার এ বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও অবকাঠামোগত সুবিধা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ এ সময় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও টয়োটাকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে আরও জানানো হয়, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণ করে দেশের সব বিভাগীয় পর্যায়ে টয়োটার সেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নেও কাজ করবে প্রতিষ্ঠানটি।

ওই বৈঠকে সরকারের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অন্যদিকে টয়োটা প্রতিনিধিদলে মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত