চলতি মাসে জাপান, নভেম্বরে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ এএম

চলতি মাসের শেষ সপ্তাহে জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যেতে পারেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাপান সফরের বিষয়ে অবহিত করা হবে। এ ছাড়া নভেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক বৈশ্বিক সম্মেলন ‘কপ৩১’-এ অংশ নিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর প্রথমে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যান চীনে। সর্বশেষ গত সেপ্টেম্বরে আমেরিকা যান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬-২৯ অক্টোবর টোকিও সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। টোকিও সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্য এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে প্রাধান্য পেতে পারে। প্রধানমন্ত্রী জাপান সফরে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এগুলোর মধ্যে জনশক্তি রপ্তানিসংক্রান্ত একটি সমঝোতা প্রায় প্রস্তুত, উভয় পক্ষের সম্মতিতে প্রধানমন্ত্রীর টোকিও সফরে এটি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একে-অপরকে সমর্থনের বিষয়ে আলোচনা করেন। উভয় পক্ষ এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সহযোগিতার বিষয়ে আলোচনা করে। বিশেষ করে জাপানে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়ানো এবং জাপানি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তথ্যের সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি ‘ডিজিটাল প্ল্যাটফর্ম’ তৈরির প্রস্তাব দেন। এটি জাপানি নিয়োগকর্তাদের জন্য দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও সহজতর করবে।

নভেম্বরে তুরস্কে যাবেন : চলতি মাসে জাপান সফর শেষে আগামী নভেম্বর মাসে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক বৈশ্বিক সম্মেলন ‘কপ৩১’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে এবারের সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা রোধ ও জলবায়ুর ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত