দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর ক্রমাগত হামলা, হুমকি, হয়রানি ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এ বিষয়ে বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, ওই ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে কাজ করেন না; তারা সর্বদা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করেন।
এতে বলা হয়, সম্পাদক পরিষদ স্পষ্টভাবে ব্যক্ত করেছে যে, সাংবাদিকদের ওপর হামলা চালানো কেবল একজন পেশাজীবীর ওপর আক্রমণ নয়; এটি মূলত স্বাধীন সাংবাদিকতা, জনগণের বাকস্বাধীনতা এবং তথ্য জানার মৌলিক অধিকারের ওপর এক নগ্ন আঘাত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ইতিমধ্যে গৃহীত মামলা ও তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সম্পাদক পরিষদ। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, এই তদন্ত হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও প্রমাণভিত্তিক। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনা না করে তাদের আইনের আওতায় আনা জরুরি।
সম্পাদক পরিষদ অনতিবিলম্বে সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনায় দ্রুত, দৃশ্যমান ও আইনসম্মত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে।