শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় পূজামণ্ডপসমূহে অনুদান প্রদান অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে নগর ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে ডিএসসিসি এলাকার ১৬৮টি পূজামণ্ডপের প্রতিনিধির হাতে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকার অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পূজামণ্ডপসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে অনুদানের অর্থ হস্তান্তর করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দেশকে রক্ষা এবং সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ আমাদের সবার। এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়আমরা সবাই বাংলাদেশি।’
পূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে প্রশাসক আশ্বাস দিয়ে বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরজুড়ে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কার করার বিষয়গুলো পূজার আগেই জরুরিভিত্তিতে সমাধান করা হবে।’ তিনি জানান, পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে একটি সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হবে।