পিচ্চি রাজা পালানোর ঘটনায় দুই পুলিশসহ তিনজন রিমান্ডে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ এএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে প্রিজনভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক জুবায়ের রশিদ এই আদেশ দেন। তারা হলেন এসআই প্রবীর কুমার বিশ্বাস, প্রিজন ভ্যানচালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমা। গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী এ তথ্য জানান। এর আগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর প্রিজনভ্যানে ২৯ জন আসামি নিয়ে ঢাকা জেলা জজকোর্ট থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে থামানো হয়। সেখানে প্রিজনভ্যানের ইনচার্জ এএসআই প্রবীর কুমার বিশ্বাস চালকের কাছ থেকে গাড়ির চাবি নেন। এরপর হাজতি পিচ্চি রাজা ও হাজতি খাইরুল বাশারকে ভ্যান থেকে বের করে নেন। পরে খাইরুল বাশারকে ভ্যানের সামনে নেওয়া হলেও পিচ্চি রাজা ও এএসআই প্রবীর কুমার বিশ্বাস ভ্যানে ওঠেননি। ওই সময় ঘটনাস্থলে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে করে পিচ্চি রাজা পালিয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে এসআই প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে ফিরে এসে প্রিজনার ভ্যানে ওঠেন এবং আসামি পালানোর ঘটনা সাজান। তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এসআই প্রবীর কুমার বিশ্বাস, ভ্যানচালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানের সঙ্গে থাকা কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল মো. সাকিব, কনস্টেবল শাকিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত