পবিপ্রবিতে কোরিয়ান ভাষা শিক্ষা চালুর উদ্যোগ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

মঙ্গলবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় পবিপ্রবিতে কোরিয়ান ভাষা শিক্ষা চালু, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এরই ধারাবাহিকতায় পবিপ্রবিতে কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম চালু করতে কোরিয়ান দূতাবাসের সঙ্গে সহযোগিতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় কোরিয়ান ভাষা শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পবিপ্রবি ও কোরিয়ান দূতাবাসের সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, কোরিয়ান দূতাবাসের থার্ড সেক্রেটারি সু হিউন এবং সিনিয়র কনসুলার অ্যান্ড সিকিউরিটি অফিসার শিন জি ইউন ।

সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কোরিয়ান ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে পবিপ্রবির শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, বৃত্তি, গবেষণা ও কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ কাজে লাগাতে পারবেন। পাশাপাশি এ উদ্যোগ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় একটি ভাষায় দক্ষ করে তোলা গেলে দক্ষ জনশক্তি তৈরি হবে। তারা বিভিন্ন দেশে গিয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। এ কার্যক্রম চালু হলে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, দক্ষিণাঞ্চলের আরও অনেক মানুষ এখান থেকে ভাষা শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন। এর সুফল পুরো দেশ পাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগকে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কোরিয়ান ভাষা শিক্ষায় আগ্রহী অন্যান্য ব্যক্তিদের জন্যও স্বল্পমেয়াদি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত