ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের ৮ শিক্ষার্থীকে আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ২ জন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার এবং ৬ জন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি লাভ করেন।
বুধবার (৭ অক্টোবর) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গবেষণা পুরস্কার ও বৃত্তির চেক তুলে দেন।
অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কারপ্রাপ্তরা হলেন- অর্থী নবনীতা এবং ফারাহ জাহান শুচি। আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তিপ্রাপ্তরা হলেন- ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত এবং মুহাম্মদ মুযযাম্মিল হক।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যেকোনো সফলতার পেছনে পরিবার, বাবা-মা ও সমাজের অনেকের অবদান ও সহযোগিতা থাকে। শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠে এসব অবদানের প্রতিদান দিতে হবে। সুখী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গঠনে তাদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, শুধু সরকারি ফান্ডের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
এক্ষেত্রে বেসরকারি অংশীদারিত্ব ও অ্যালামনাইদের সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে বিশ্বমানে উন্নীত করা সম্ভব। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বড় আকারের ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের তাগিদ দেন।