অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা কাজে লাগাবে ‘রিটায়ারএক্সপার্ট’

প্ল্যাটফর্মটির মাধ্যমে বিভিন্ন খাতের অবসরপ্রাপ্ত ও অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানের যোগাযোগ তৈরি করা হবে। প্রয়োজন অনুযায়ী উদ্যোক্তা বা প্রতিষ্ঠান অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ও দিকনির্দেশনা নিতে পারবেন।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম

চাকরি থেকে অবসর নিলেও একজন পেশাজীবীর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেষ হয়ে যায় না। সেই অভিজ্ঞতা নতুন উদ্যোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও তরুণ পেশাজীবীদের কাজে লাগানোর সুযোগ তৈরি করতে ‘রিটায়ারএক্সপার্ট’ নামে একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে।

প্ল্যাটফর্মটির মাধ্যমে বিভিন্ন খাতের অবসরপ্রাপ্ত ও অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানের যোগাযোগ তৈরি করা হবে। প্রয়োজন অনুযায়ী উদ্যোক্তা বা প্রতিষ্ঠান অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ও দিকনির্দেশনা নিতে পারবেন।

ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা, প্রযুক্তি, অর্থ ও হিসাব, মানবসম্পদ, বিপণনসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা এখানে পরামর্শ দিতে পারবেন। এতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জ্ঞান যেমন কাজে লাগবে, তেমনি নতুন উদ্যোক্তা ও তরুণ পেশাজীবীরাও উপকৃত হবেন।

রিটায়ারএক্সপার্টের প্রতিষ্ঠাতা তৌহিদ হোসেন বলেন, অনেক মানুষ ৩০ থেকে ৪০ বছর একটি নির্দিষ্ট খাতে কাজ করেছেন। অবসরের পর তাদের বড় অভিজ্ঞতার অনেকটাই আর কাজে লাগানোর সুযোগ হয় না। আবার একই সময়ে নতুন উদ্যোক্তা বা প্রতিষ্ঠান এমন সমস্যায় পড়ে, যার সমাধান ওই অভিজ্ঞ ব্যক্তির জানা থাকতে পারে।

তিনি বলেন, রিটায়ারএক্সপার্টের মাধ্যমে আমরা এই দুই পক্ষকে এক জায়গায় আনতে চাই। আমাদের লক্ষ্য অবসরপ্রাপ্তদের আবার চাকরিতে ফেরানো নয়, বরং তাদের অভিজ্ঞতা যেখানে প্রয়োজন সেখানে কাজে লাগানোর সুযোগ তৈরি করা।

তৌহিদ হোসেন আরও বলেন, একজন অভিজ্ঞ মানুষের একটি সঠিক পরামর্শ একটি প্রতিষ্ঠানকে বড় ভুল থেকে বাঁচাতে পারে। একজন উদ্যোক্তার সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। একজন তরুণ পেশাজীবীর শেখার সময়ও কমিয়ে দিতে পারে।

রিটায়ারএক্সপার্টের মূল ধারণা হলো-‘চাকরি থেকে অবসর হয়, অভিজ্ঞতা থেকে নয়’। প্ল্যাটফর্মটির মাধ্যমে অবসরপ্রাপ্তরা পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।

অভিজ্ঞ পেশাজীবীরা রিটায়ার এক্সপার্টের ওয়েবসাইটে গিয়ে ‘বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হোন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে যুক্ত হতে পারবেন। অন্যদিকে ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান ‘বিশেষজ্ঞ খুঁজুন’ অপশনে গিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ খুঁজে নিতে পারবেন।

রিটায়ারএক্সপার্ট হলো ফিফোটেক প্রফেশনাল সার্ভিসেস ইনকরপোরেটেডের একটি উদ্যোগ। যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করা প্ল্যাটফর্মটি শিগগিরই বাংলাদেশসহ অন্যান্য দেশে কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে।

বিভিন্ন দেশের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে যুক্ত করে একটি বড় নেটওয়ার্ক তৈরি করাই প্ল্যাটফর্মটির দীর্ঘমেয়াদি লক্ষ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত