মুন্সীগঞ্জে অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মো. শাহীনূর রহমান নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শাহীনূর রহমান জেলার সিরাজদীখান উপজেলার শেখরনগর তদন্ত কেন্দ্রে কনস্টেবল (২৭৫) পদে কর্মরত ছিলেন।  তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাগদী।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে শেখরনগর এলাকায় রাত্রিকালীন  টহলরত ডিউটিতে ছিলেন কনস্টেবল শাহীনূর রহমান। রাত ২ টার দিকে হঠাৎ বুকে ব্যথাসহ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পুলিশ সদস্যরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে তাঁর মৃত্যু হয়।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ডিউটিরত অবস্থায় স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আমাদের পুলিশ সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়, পরে আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সর্বশেষ সর্বাধিক পঠিত