৪০ বোতল ফেন্সিডিল মামলা

পাবনায় আরও এক যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

পাবনা শহরে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় লাল মোহাম্মদ লালু (৩৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত লাল মোহাম্মদ লালু রাজশাহী জেলার বাঘা থানার হরিরামপুর এলাকার মৃত মুনসাদ আলীর ছেলে। আসামি জামিনে  থাকায় আজ রায়ের দিন হাজির হোননি। ফলে আসামিকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ জুলাই রাতে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর অনন্ত বাজার এলাকা থেকে মাদক বিক্রি অবস্থায় লাল মোহাম্মদ লালুকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে মোটরসাইকেল ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজকে রায় ঘোষণা করা হয়।

মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট তাপস কুমার সরকার। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু। এর আগে গত ৫ অক্টোবর একই আদালতে পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। 


 


সর্বশেষ সর্বাধিক পঠিত