বাড়ল জেট ফুয়েলের দাম

বিমান সংস্থাগুলোর মোট পরিচালন খরচের একটি বড় অংশই ব্যয় হয় জ্বালানি খাতে। ফলে আকাশপথে যাত্রী ভাড়ায় এর সরাসরি প্রভাব পড়বে কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম
 
বাংলাদেশ ও ভারতে বেড়েছে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি বা এভিয়েশন ফুয়েলের দাম। বাংলাদেশে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের জন্য ব্যবহৃত 'জেট এ-১' তেলের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
 
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার এভিয়েশন ফুয়েলের দাম বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা, যা গত আগস্টে ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটারের নতুন দাম ১.০৭৭ মার্কিন ডলার, যা পূর্বে ছিল ১.০৩৫৮ ডলার।

এদিকে উৎসবের মৌসুমকে সামনে রেখে প্রতিবেশী ভারতেও টানা তৃতীয় মাসের মতো বাড়ানো হয়েছে এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম। ১ অক্টোবর থেকে দেশটিতে লিটারপ্রতি এটিএফের দাম প্রায় ১৬ রুপি বেড়ে ১৩৭ রুপি হয়েছে। এর আগে সেপ্টেম্বর ও আগস্টেও এটিএফের দাম ধাপে ধাপে বাড়িয়েছিল ভারত সরকার।
 
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং ডলারের বিপরীতে রুপির বিনিময় হারের ওপর ভিত্তি করে ভারতে প্রতি মাসের শুরুতে এই দাম সমন্বয় করা হয়।

সামনে দুর্গাপূজা ও দীপাবলির মতো উৎসব থাকায় ভারতে বিমান ভ্রমণের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জ্বালানির বাড়তি দাম বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় অনেকটা বাড়িয়ে দেবে।
 
বিমান সংস্থাগুলোর মোট পরিচালন খরচের একটি বড় অংশই ব্যয় হয় জ্বালানি খাতে। ফলে আকাশপথে যাত্রী ভাড়ায় এর সরাসরি প্রভাব পড়বে কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অতিরিক্ত খরচের বিষয়টি সামাল দিতে কোনো কোনো সংস্থা বাড়তি ভাড়ার চাপ যাত্রীদের ওপর চাপাতে পারে, আবার কেউ প্রতিযোগিতায় টিকতে কিছুটা স্বস্তিও দিতে পারে।
 
সব মিলিয়ে দুই দেশেই বিমানভাড়া বাড়ার শঙ্কা তৈরি হয়েছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত