বাংলাদেশে ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসিআই বেভারেজেস

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

এসিআই ফুডস লিমিটেডের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে পরিচিত কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডি. এবং এসিআই বেভারেজেসের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডির সহযোগিতায়।

বাংলাদেশে বৈচিত্র্যময়, প্রিমিয়াম ও আন্তর্জাতিক মানের বেভারেজ পোর্টফোলিও গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে এসিআই বেভারেজেস।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর স্বপ্নের বনশ্রী ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনালের ডিরেক্টর প্রদীপ চৌহান এবং জেনারেল ম্যানেজার তান বুন হুয়া। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আন্তর্জাতিক ব্র্যান্ড ‘সানকুইক’-এর মাধ্যমে এসিআই বেভারেজেসের যাত্রা শুরু হয়। পরে ‘এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস’ বাজারে এনে প্রতিষ্ঠানটি তাদের বেভারেজ পোর্টফোলিও আরও সম্প্রসারিত করে। বাংলাদেশে হট বেভারেজ, বিশেষ করে কফির জনপ্রিয়তা ও সম্ভাবনা বিবেচনায় এবার ম্যাককফিকে দেশের কফিপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের ৬০টিরও বেশি দেশে বাজারজাত হচ্ছে ম্যাককফি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ ব্র্যান্ডের পণ্যগুলোর মধ্যে রয়েছে প্রিমিয়াম মানের ইনস্ট্যান্ট কফি। সর্বোচ্চ মান বজায় রেখে ভোক্তাদের প্রিমিয়াম কফির অভিজ্ঞতা দেওয়াকে ব্র্যান্ডটির অন্যতম অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে ম্যাককফি অরিজিনাল ও ম্যাককফি গোল্ড জার বাজারজাত করা হচ্ছে। দীর্ঘমেয়াদে দেশে ব্র্যান্ডটির কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশে ম্যাককফি জার ও থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে কফিপ্রেমীদের জন্য আরও নতুন ও বৈচিত্র্যময় ম্যাককফি পণ্য বাজারে আনার পরিকল্পনাও রয়েছে।

ফুড এম্পায়ার

সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেডের অন্যতম আন্তর্জাতিক ব্র্যান্ড ম্যাককফি। বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে ব্র্যান্ডটির পণ্য বাজারজাত হচ্ছে। প্রতিষ্ঠানটির পণ্য পোর্টফোলিওতে ইনস্ট্যান্ট কফি, চা, হট চকলেট ও বিভিন্ন ধরনের স্ন্যাকসসহ নানা খাদ্য ও পানীয় পণ্য রয়েছে।

মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড

জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড ১৯৫৮ সালে লিয়াজোঁ অফিসের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ছয় দশকেরও বেশি সময় ধরে বাণিজ্য, অবকাঠামো ও কৌশলগত বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রেখে আসছে।

ধাতু, রাসায়নিক, খাদ্য ও কৃষি, জ্বালানি এবং অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মিৎসুইয়ের কার্যক্রম রয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি দেশের বিকাশমান শিল্প ও ভোক্তা খাতে নতুন ব্যবসার সম্ভাবনা তৈরিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের নভেম্বরে মিৎসুই এসিআই মোটরস লিমিটেডে বিনিয়োগ করে। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এসিআই গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব আরও সম্প্রসারণ করে এসিআই লজিস্টিকস লিমিটেডকে কনভার্টিবল লোন দেওয়ার ঘোষণা দেয়। এসিআই লজিস্টিকস পরিচালিত ‘স্বপ্ন’ বর্তমানে দেশব্যাপী ১ হাজার ১০০টিরও বেশি স্টোর নিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্রোসারি রিটেইল চেইন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত