পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি চান টুকু

সব পূজামণ্ডপ সিসিটিভির আওতায় এনে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন। সবাইকে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনায় দেশের মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সভায় সাভার উপজেলার পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ—এই চেতনাকে ধারণ করে আমরা পথ চলতে চাই। বাংলাদেশকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে শক্তি হিসেবে নিয়ে আমরা দেশ গড়তে চাই। এই দেশ আমাদের সবার; তাই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের সবার।’

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি নষ্ট করতে কেউ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করাও সবার দায়িত্ব।

প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মণ্ডপগুলোতে মনিটরিং টিম গঠন করা হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থাও থাকবে।

মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সামাজিক সচেতনতা বাড়াতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদেরও এ কাজে সম্পৃক্ত হতে হবে।

কিশোর অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, কিশোরদের অপরাধের দিকে ঠেলে দেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই কিশোরদের মাদক, অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

দুর্গাপূজার সময় স্বাস্থ্যঝুঁকি কমাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও নজর দিতে হবে। তিনি বলেন, যার যার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গুর ঝুঁকি দুটোই কমবে।

দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ সব সময় অন্যায় ও অধিকারহরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও দেশের স্বার্থে জনগণ ঐক্যবদ্ধ থাকবে। তিনি বলেন, সবাই এক ও ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করতে পারবে না। তাই সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে।

তিনি আরও বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার নাগ ও সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়নসহ অন্যরা।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

সর্বশেষ সর্বাধিক পঠিত