রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি কমিশনকে লাইসেন্স

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে (বাপশক) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম হলো।

বায়েরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটির নির্ধারিত লাইসেন্সিং প্রক্রিয়ায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন, সাইট লাইসেন্স, প্রাথমিক নিরাপত্তা বিশ্লেষণ প্রতিবেদন, নির্মাণ অনুমোদন, চূড়ান্ত নিরাপত্তা বিশ্লেষণ প্রতিবেদন এবং সবশেষে চালনা লাইসেন্স দেওয়ার ধাপ রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, রূপপুর প্রকল্পের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বিশ্লেষণ, কারিগরি নথি ও লাইসেন্স গ্রহণের কার্যক্রম আগেই সম্পন্ন করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্পটি কমিশনের দায়িত্বে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত