নিক্বাব নিয়ে ঢাবি শিক্ষার্থীকে হেনস্তার নিন্দা

নিক্বাব পরিহিত শিক্ষার্থীকে কটাক্ষ ও সন্ত্রাসী আখ্যা দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা এমপি।

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিক্বাব পরিহিত এক শিক্ষার্থীকে হেনস্তা ও ‘সন্ত্রাসী’ অপবাদ দেওয়ার ঘটনায় নারীর পোশাক নির্বাচনের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুব ক্লাসরুমে হিজাব-নিক্বাব পরিহিত এক ছাত্রীকে কটাক্ষ করেন। এ সময় তাকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়ে হেনস্তা করা হয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, নিজ নিজ ধর্মচর্চা করা এবং পোশাক নির্বাচন করা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অতীতের বুলিং ও ট্যাগিংয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ যখন সামনে এগোচ্ছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রগতিশীলতার নামে হিজাব-নিক্বাব বিদ্বেষের কোনো সুযোগ নেই।

তিনি অভিযোগ করেন, এ ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্যের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের ব্যক্তিগত প্রতিহিংসা ও হিজাববিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটেছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল দেশ থেকে ফ্যাসিবাদী সংস্কৃতির মূলোৎপাটনের জন্য। এত আত্মত্যাগের পরও দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সেই সংস্কৃতির ধারক-বাহকেরা বহাল রয়েছেন বলে তারা মনে করেন।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, পোশাক নির্বাচন প্রতিটি মানুষের নিজস্ব বিষয়। নিক্বাব পরিহিত শিক্ষার্থীকে কটাক্ষ করা কিংবা তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া অত্যন্ত হীন মানসিকতার পরিচয়।

তিনি অভিযুক্ত শিক্ষককে তার মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের মন্তব্য করার সুযোগ না থাকে, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সহপাঠীদের ওপর সংঘটিত আচরণের প্রতিবাদে শ্রেণিকক্ষের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবস্থান ও ক্লাস বর্জনের সাহসিকতারও প্রশংসা করেন তিনি।

ঘটনার পুনরাবৃত্তি রোধে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রণালয়কে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানান নূরুন্নিসা সিদ্দীকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত