‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৬’

জামদানিতে বিশ্বমঞ্চে জ্যোতি ছড়াচ্ছেন অনন্যা ফাতিমা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম

প্রায় সব ধাপ অতিক্রম করে এখন চূড়ান্ত ধাপের অপেক্ষা। আগামী ১০ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককের এমজিআই হলে অনুষ্ঠিত হবে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার এই মঞ্চে এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে বাঙালি সংস্কৃতি ও তাঁতশিল্পের গল্প তুলে ধরেছেন মিস গ্র্যান্ড বাংলাদেশ অনন্যা ফাতিমা। লাল শাড়ি, ঘোমটা ও নথের সাজে বাঙালি কনের আবহের পাশাপাশি পোশাকের অনুষঙ্গে উঠে এসেছে দেশীয় কারিগরদের শ্রম ও শিল্প। 

গতকাল ৭ অক্টোবর ব্যাংককের এমজিআই হলে অনুষ্ঠিত হলো ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৬’-এর ন্যাশনাল কস্টিউম প্রতিযোগিতা। এতে প্রায় ৮০ দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেন অনন্যা ফাতিমা। অনন্যার পোশাকে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি। লাল শাড়ি, ঘোমটা ও নথে ফুটে ওঠে বাঙালি নারীর ঐতিহ্যবাহী সাজ। পোশাকের সঙ্গে ব্যবহৃত তাঁতের বিভিন্ন অনুষঙ্গের মাধ্যমে তুলে ধরা হয়েছে জামদানি তৈরির সঙ্গে জড়িত কারিগরদের শ্রম ও শিল্প।

একটি পোশাকের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, বয়নশিল্প ও ঐতিহ্যের গল্পই বিশ্বমঞ্চে তুলে ধরেছেন অনন্যা। একই দিনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি রাউন্ড। সাঁতারের পোশাক ও ইভনিং গাউন পর্বে আত্মবিশ্বাসী উপস্থিতিতে দেখা যায় বাংলাদেশী এই প্রতিযোগীকে। রুপালি গাউনে ক্যাটওয়াকেও ছিল তার সাবলীল উপস্থিতি। এরই মধ্যে শুরু হয়েছে ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ প্রতিযোগিতার ভোটিং। প্রথম রাউন্ডের ভোট চলবে আগামীকাল ৯ অক্টোবর পর্যন্ত। এর আগে ‘কান্ট্রিজ পাওয়ার অব দ্য ইয়ার’ ভোটিংয়েও আলোচনায় ছিল বাংলাদেশ। প্রথম ধাপে ৮০ দেশের মধ্যে ১৪তম হয়ে টপ ৪০-এ জায়গা করে নেয় বাংলাদেশ।

তবে মিস গ্র্যান্ডের মঞ্চে অনন্যা ফাতিমার যাত্রা শুরু হয়েছে আরও আগে। ৪ অক্টোবর অনুষ্ঠিত ক্লোজডোর ইন্টারভিউ, স্যাশ সেরেমনি ও গালা নাইটসহ বিভিন্ন আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২৫ বছর বয়সী অনন্যা ২০২৩ সালে‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতাতেও বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন। মডেলিংয়ের পাশাপাশি অ্যাঙ্করিং, অভিনয় ও ফ্যাশন নিয়েও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

সর্বশেষ সর্বাধিক পঠিত