লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে’: আদালতে পলক

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

ইচ্ছাকৃতভাবে হাতকড়া পরানো এবং হাঁটিয়ে সিঁড়ি দিয়ে ছয় তলায় তুলে আদালতের এজলাসে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৪ রবিউল আলমের আদালতে জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলার অভিযোগ গঠন শুনানির ধার্য দিনে এ অভিযোগ করেন তিনি।

মামলায় কারাগারে থাকা ১০ আসামির মধ্যে পলকসহ আটজনকে এদিন আদালতে হাজির করা হয়। তবে মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় তাদের অধস্তন আদালতে হাজির করা হয়নি। এ কারণে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

এজলাসে আদালতের অনুমতি নিয়ে পলক বলেন, ‘এটা কী ধরনের সিস্টেম? লিফট চালু দেখলাম, তারপরও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয় তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, মানবিক দিক বিবেচনায় রেখে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’

তখন আদালত বলেন, ‘এটা আপনাদের নিরাপত্তার জন্যই।’

পলক বলেন, ‘এটা আপনার অথরিটি না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। হাতকড়া সামনের দিকে রাখলেই হয়।’

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিচুর রহমান বলেন, তিনি (পলক) যেটা আদালতে দাবি করেছেন, সেটা অনৈতিক। রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে পলক বলেন, ‘আপনার থেকে আমার অবস্থান বেশি দূরে নয়।’

শুনানি শেষে পলককে লিফটে করে নিচে নামানো হয়। আদালত থেকে বের হয়ে হাজতখানায় নেওয়ার পথে পলক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসাম্মৎ রীনা বেগম শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে মামলাটি করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত