বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার এবার ঢাকার বাইরে গিয়ে নতুন প্রতিভার সন্ধানে নামছেন। জাতীয় দলের ভবিষ্যৎ তারকা খুঁজে বের করতে শনি ও রবিবার সিলেটে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ফিউচার স্টারস’ ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম।
অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগ দেশের নারী ফুটবলে তৃণমূল পর্যায়ে প্রতিভা খোঁজার বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বাটলার। দীর্ঘদিন ধরে ঢাকার বাইরে নিয়মিত ট্যালেন্ট আইডেন্টিফিকেশন কার্যক্রম না থাকায় এই উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। বাটলার বলেন, ‘অনেক বছর ধরে কোনো ট্যালেন্ট খোঁজা হয়নি। ঢাকার বাইরেও এমন কোনো কার্যক্রম নেওয়া হয়নি। তাই পরিবর্তনটা প্রয়োজন ছিল।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এই উদ্যোগকে সমর্থন করছেন বলেও জানান তিনি। তার মূল লক্ষ্য অনূর্ধ্ব-২০ দল হয়ে ভবিষ্যতে জাতীয় দলের জন্য একটি শক্তিশালী খেলোয়াড় তৈরির পাইপলাইন গড়ে তোলা।
সিলেটের প্রথম পর্বে অংশ নেবে ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া অনূর্ধ্ব-১৭ মেয়েরা। আটটি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতি দলে থাকবে ১৮ জন খেলোয়াড়। ম্যাচ হবে ৫০ মিনিটের। প্রতিটি দল অন্তত দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে।