নাহিদকে নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ এএম

দীর্ঘ পুনর্বাসন শেষে বোলিংয়ে ফিরেছিলেন নাহিদ রানা। কিন্তু গতকাল বৃহস্পতিবার অনুশীলনে বোলিং করার সময় শরীরের নিচের অংশে আবারও ব্যথা অনুভব করেছেন এ ডানহাতি গতি তারকা। ফলে আগামী ১৬ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, আগামীকাল শনিবার নাহিদের চোটের অবস্থা আবারও মূল্যায়ন করবেন চিকিৎসকরা। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে বোর্ড।

গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেনের চোটে পড়েন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি। আজ শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও নেই তিনি। আফগানিস্তান টেস্টের পর আমিরাতে ত্রিদেশীয় সিরিজ দিয়ে ফেরার পরিকল্পনা ছিল তার। চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আগস্টের শেষ দিকে ছোট রানআপে বোলিং শুরু করেন নাহিদ। এরপর ধীরে ধীরে বাড়ানো হয় বোলিংয়ের পরিমাণ ও তীব্রতা। তবে বোর্ড সূত্রের দাবি, কয়েক দিন ধরেই বোলিংয়ের সময় শরীরের নিচের অংশে অস্বস্তি অনুভব করছেন তিনি। পরীক্ষা-নিরীক্ষা করেও কোনো সমস্যা ধরা পড়েনি।

জানা গেছে, সাইড স্ট্রেনের পুনর্বাসনের সময় শরীরের নিচের অংশ নিয়ে আলাদাভাবে কাজ না করায় নতুন এ সমস্যার সৃষ্টি হয়েছে। নতুন করে পাওয়া এই ব্যর্থার কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারলে নাহিদের ফেরার সম্ভাব্য মঞ্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে এ লড়াই। তবে দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকা নাহিদকে সরাসরি টেস্টে খেলাতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই তার আগে জাতীয় ক্রিকেট লিগে অন্তত একটি ম্যাচ খেলিয়ে প্রস্তুতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত