মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলের নিলামে এক হালি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। গত বুধবার রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। শুধু তাই নয়, একই স্থানে নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা করার লক্ষ্যে সর্বোচ্চ দামে কমলা ও খেজুরগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যবসায়ী।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমী বক্তব্য দেন। এরপর তিনি মাদ্রাসার উন্নয়নের জন্য তহবিল সংগ্রহে চারটি কমলা প্রকাশ্যে নিলামে তোলেন। ৫ হাজার টাকা থেকে কমলার ডাক শুরু হয়। একপর্যায়ে প্রবাসীদের মধ্যে দরকষাকষি শুরু হলে দাম পৌঁছায় অর্ধলক্ষ টাকায়। সর্বোচ্চ ৫০ হাজার টাকায় কমলার হালিটি কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আব্দুল মালিক রুকন। পরে ৫০০ গ্রাম খেজুরও তিনি ১৫ হাজার টাকায় কিনে নেন। নিলামে ক্রেতা যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, ‘আমার বাবা মূলত মাদ্রাসার সহযোগিতার কথা চিন্তা করেই এই চড়া দামে ফলগুলো ক্রয় করেছেন। এ ছাড়া তিনি ওই মাহফিলে প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রতি মাসে ৩ হাজার করে বছরে ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।’