রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার আট আসামির তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
আদালতের আদেশে পুলিশ যাদের রিমান্ডে পেয়েছে তারা হলেন, মো. শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, মো. শাহ আলম, মো. আতিকুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. নুর আলম, মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ ও মো. সাজ্জাদ হোসেন মিশু।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় দুইশ লোক দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি দিয়ে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। ভাঙচুর ও লুটপাটের পর হামলাকারীরা সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যায়।