আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমানে রমজানের জন্য প্রয়োজনীয় পণ্য পাইপলাইনে রয়েছে। প্রচুর এলসি খোলা এবং চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে সয়াবিন, পাম তেল কিংবা চিনিসহ কোনো পণ্যের মজুদ বা সরবরাহ নিয়ে সংকট হবে না। একই সঙ্গে কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাজার সরবরাহ নিশ্চিতকরণে ব্যবসায়ী এবং আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।