কুমিল্লার দাউদকান্দিতে একটি মিনি ট্রাক থেকে ৩৬ হাজার পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক জাকারিয়াকে (৪৫) আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটক জাকারিয়া কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি মিনি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাওয়া হচ্ছে। পরে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালককে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মাদক ও অস্ত্রের বিষয়টি অস্বীকার করে।।
পরে ট্রাকের পেছনের বডিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পায় পুলিশ। স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রি দিয়ে সিট কেটে ৩৩টি জ্যামিতি বক্সের ভেতরে রাখা ৮০টি প্যাকেট থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকের সামনের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় ৩৬ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কিশোর গ্যাং: তিন জেলায় আটক ১,১১২