পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘ধর্ম যার যার এই বাংলাদেশ সবার' এই স্লোগানকে ধারণ করে বর্তমান সরকার দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত করতে বদ্ধপরিকর। বিশেষ করে আমার নির্বাচনী আসনে হিন্দু-মুসলিম সবাই সমান অধিকার নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে। এর ব্যত্যয় হবেনা হতে দেয়া হবেনা।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সফল হবো।
এসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ধর্মীয় উস্কানি সহ বিভিন্ন সুরসুরি দিয়ে পূজা অর্চনা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে নিরাপদে উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে দুই উপজেলায় ৮ হাজার স্বেচ্ছাসেবীর সমন্বয়ে টিম করে দেয়া হয়েছে। যারা সার্বিক ভাবে পূজা উদযাপনে সনাতনী ভাইদের বিভিন্নভাবে সহযোগিতা করবে।
পরে তিনি বোদা উপজেলার ৯৬ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে ছয়শ কেজি করে চালের ডিও তুলে দেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়া, অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অন্নদা প্রসাদ, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা।
পরে পৃথক অন্য একটি অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১১৭টি পূজা মন্ডপের প্রতিনিধিদের নিকট ছয়শ কেজি করে জিআর চালের ডিও তুলে দেন। এসময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।