পিরোজপুরে হানি ট্রাপের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্রাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ভাণ্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সজীব চাপরাশি রয়েছেন। ঘটনার পর তাকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ভাণ্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ভাণ্ডারিয়া উপজেলার উত্তর-পূর্ব ভাণ্ডারিয়ার মো. ফখরুল ইসলাম মিলন চাপরাশির ছেলে ছাত্রদল নেতা মো. সজিব চাপরাশি (২৫), আমজাদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রনি (৩৫) এবং এক নারী।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাজার সংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) কৌশলে ফাঁদে ফেলা হয়। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সজীব চাপরাশিকে বহিষ্কার করে পিরোজপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সার্বিক বিষয় বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত