রাজধানীর ভাটারা সাঈদনগর এলাকার একটি ভবনের দুই তলা থেকে নিচে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফুয়াদ নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন একটি বাড়ির সাততলা ভবনের দুইতলা থেকে নিচে পরে যায় সে। দেখতে পেয়ে সহপাঠিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভাটারা সাঈদনগরের ওই বাড়ির দুইতলায় একটি বাসায় মেস করে থাকতেন।সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে তারা দেখেন, ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে ফরায়েজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে কীভাবে সে নিচে পড়ে গেছে তা জানাতে পারেন নি।
তিনি আরও জানান, ফুয়াদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে। বাবার নাম মো. মিলন।