দুর্গাপূজা উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সর্বজনীন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব নাগরিকের সমান সেবা ও অধিকার নিশ্চিত করার অংশ হিসেবে ডিএসসিসির পক্ষ থেকে মন্ডপ এলাকার অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্নতায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ সনাতন পার্টি আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলন, মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এসব তথ্য জানান।

বিশেষ আর্থিক অনুদান : প্রথমবারের মতো ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজামন্ডপকে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে আলাদাভাবে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

সড়ক ও অবকাঠামো মেরামত : পূজামন্ডপের আশপাশের ক্ষতিগ্রস্ত সড়ক আগামী দুই দিনের মধ্যে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থা : পূজা উপলক্ষে পুরো নগরীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে মন্ডপসংলগ্ন ড্রেন ও নর্দমা পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাগরিক সেবা ও শৃঙ্খলা : মন্ডপসংলগ্ন এলাকার নষ্ট সড়কবাতি পরিবর্তন, ড্রেনেজ সমস্যা বা শৃঙ্খলার ঘাটতিসংক্রান্ত যেকোনো তথ্য সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত সমাধান নিশ্চিত করবে ডিএসসিসি। এ ছাড়া, পূজা শুরুর তিন দিন আগে ডিএসসিসির পক্ষ থেকে নগর ভবনে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নগর সংস্থার সেবা প্রদানে সমতা ও ভারসাম্য বজায় রাখা আবশ্যক। ডিএসসিসির আওতাভুুক্ত এলাকায় মসজিদের পাশাপাশি পূজামন্ডপে সহায়তা এবং ইমামদের পাশাপাশি পুরোহিতদেরও ভাতার আওতায় আনার চর্চা অব্যাহত রয়েছে। সব ধর্মের নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঙ্গীকারবদ্ধ।

সর্বশেষ সর্বাধিক পঠিত