ফটিকছড়িতে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর বার্ষিক ওরস কাল

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভাণ্ডার দরবার শরিফে উপমহাদেশের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর পবিত্র ২৬ আশ্বিন বার্ষিক ওরস আগামীকাল রবিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরিফের গাউসিয়া হক মঞ্জিলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ওরস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিল, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে গত ২ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়ন্ত্রণাধীন শাখা কমিটিগুলোর ব্যবস্থাপনায় নিজ নিজ এলাকার মসজিদে খতমে কোরআন ও জুমার নামাজের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
গত ৩ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি’ হলে খলিফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)-এর জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

গত ৬ অক্টোবর ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর জীবনী নিয়ে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। পরদিন ৭ অক্টোবর এসব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কর্মসূচি এবং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতাবিষয়ক আলোচনা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার নিবন্ধিত এতিমখানাগুলোতে শিক্ষার্থীদের এক বেলার খাবার সরবরাহ করা হয়েছে। কাল ন্যায্যমূল্যে খাবার বিক্রির দোকান, উপদেশমূলক দিকনির্দেশনাসংবলিত প্রচার এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে। এরপর ১২ অক্টোবর ভোর ৬টা থেকে হযরত কেবলার রওজা শরিফ মাঠ থেকে শান-ই আহমদীয়া গেট পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।

ওরসের দিন ফজরের নামাজের পর রওজা শরিফ গোসল ও গিলাফ পরানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ওরস উদযাপিত হবে।

রাত ১২টায় গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)-এর সভাপতিত্বে এবং বিভিন্ন আলেম-ওলামার অংশগ্রহণে কেন্দ্রীয় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র এ ওরস শরিফে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত